স্পেনের কাছে হেরে বিশ্বকাপ শিরোপা হাতছাড়া হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ চিঠি প্রকাশ করেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি তাপিয়া। খেলোয়াড় ও কোচিং স্টাফকে পূর্ণ সমর্থন দেওয়ার পাশাপাশি ‘অন্তর্দ্বন্দ্বসহ’ ছড়িয়ে পড়া গুঞ্জনের কড়া জবাব দেন তিনি। সমর্থকদের ‘স্থিতিশীলতা নষ্ট করার উদ্দেশ্যে ছড়ানো মিথ্যায়’ বিভ্রান্ত না হওয়ার আহ্বানও জানান।

চিঠির শুরুতেই চ্যাম্পিয়ন স্পেনকে অভিনন্দন জানিয়ে ফল মেনে নেন তাপিয়া। তিনি লেখেন, “আমরা স্পেনকে হারাতে পারিনি। স্বীকার করতেই হবে, প্রতিপক্ষ ভালো খেলেছে এবং জয় তাদের প্রাপ্য ছিল। প্রতিযোগিতামূলক খেলায় জয় উদ্যাপনের মতো উদারতা নিয়েই হার মেনে তা থেকে শিক্ষা নিতে হয়।”
তাপিয়া বলেন, “ফাইনালে হারলেও এই দল এর আগে দেশকে অপরিসীম আনন্দ দিয়েছে। ফাইনালের আগেই আর্জেন্টাইনরা উদ্যাপন শুরু করেছিল, কারণ দলটি আবারও প্রমাণ করেছে মানুষের কাছে তাদের গুরুত্ব কতটা।”
“হার অবশ্যই কষ্ট দেয়, কারণ প্রতিদ্বন্দ্বিতার মানসিকতা আমাদের রক্তে এবং ইতিহাসে সবচেয়ে বেশিবার শিরোপা জেতা দলগুলোর মধ্যে আমরা একটি। দ্বিতীয় স্থান কখনো আমাদের তৃপ্ত করতে পারে না। তবে এই কষ্ট এটাও প্রমাণ করে যে আমরা এখনো বিশ্বের সেরা দুই দলের একটি।”
দলের নেপথ্যের ত্যাগের দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়ে তাপিয়া বলেন, “একবার থেমে ভাবুন—আর্জেন্টিনার হয়ে সেরা অবস্থায় মাঠে নামতে খেলোয়াড়, কোচিং স্টাফ ও প্রতিটি কর্মী পরিবার থেকে দূরে থেকে ৫০ দিনেরও বেশি সময় ধরে কত বড় ত্যাগ স্বীকার করেছেন।”
“আমরা আর্জেন্টাইন। আবেগ ও লড়াকু মানসিকতা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করি এবং প্রতিটি অনুশীলন ও ম্যাচে সবটুকু নিংড়ে দিই। আমরা শুধু আর্জেন্টিনারই প্রতিনিধিত্ব করি না, গর্বের সঙ্গে সমগ্র আমেরিকা মহাদেশকেও প্রতিনিধিত্ব করি। বিশ্বের যেকোনো মাঠে আমরা এই পতাকার মর্যাদা রক্ষা করি।”
ফাইনালের আগে মেসির উদ্দীপনামূলক বক্তব্য ঘিরে তৈরি জল্পনা ও মিথ্যা গুঞ্জনের সরাসরি জবাবে তাপিয়া লেখেন, “দলের স্থিতিশীলতা নষ্ট করার উদ্দেশ্যে ছড়ানো মিথ্যা ও ‘ষড়যন্ত্রমূলক কারসাজিতে’ বিভ্রান্ত হবেন না। আর্জেন্টিনার ফুটবলে অসামান্য অবদান রাখা মানুষগুলোর সম্পর্কে ফাটল ধরানোর চেষ্টা বন্ধ করুন।”
“এখন সময় খেলোয়াড়দের ধন্যবাদ দেওয়া, পাশে থাকা ও স্বীকৃতি দেওয়ার; তাঁরা আবারও এই জার্সির জন্য নিজেদের প্রাণ উজাড় করেছেন। গুঞ্জন মিলিয়ে যাবে, কিন্তু জাতীয় দলের অঙ্গীকার, পরিশ্রম ও আবেগ চিরকাল থাকবে। ফুটবলে কোনো অজুহাত নেই। এই দল বরাবরের মতো গর্ব নিয়ে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করবে। এগিয়ে চলো আর্জেন্টিনা!”